
ওমানে বিষাক্ত গ্যাসে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর পর তাদের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার (২০ মে) সকালে চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত চার ভাই হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ এবং মো. শহিদ। তারা দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানের আল মিলিদ্দা এলাকার আল বাতিনাহ অঞ্চলে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। খবরটি দেশে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
মঙ্গলবার (১৯ মে) রাতে মরদেহগুলো ঢাকায় পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ পৌঁছানোর পর থেকেই স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়রা জানিয়েছেন, একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
সকাল ১১টায় স্থানীয় স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হবে।