খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রস্তুতির আবহ তৈরি হওয়ার মধ্যেই খুলনার ডুমুরিয়ায় এক চা-দোকানে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককের মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরের আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার
গফফারের চায়ের দোকানে সাধারণ গ্রাহকদের সঙ্গেই বসে আড্ডা দিচ্ছিলেন তরিকুল। হঠাৎ করেই একদল সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে তরিকুল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।
হত্যাকাণ্ড সংঘটিত করেই দুর্বৃত্তরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় আমভিটা বাজারসহ আশপাশের এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, "খবরের পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এটি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের উদ্দেশ্যে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
এদিকে, তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের মধ্যে এমন মর্মান্তিক ও সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া উপজেলাসহ পুরো জেলা জুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।