খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার ১৮ মাইল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৫) এবং একই গ্রামের কাটাখাল এলাকার মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১৮ মাইল বাজারসংলগ্ন এলাকায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।