
রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে।
বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং সূর্যোদয় হবে আগামীকাল ভোর ৫টা ১৩ মিনিটে।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।