সাতক্ষীরার তালায় সোমবার (২৪নভেম্বর) সকাল ১১টায় উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়িত এএমডিই প্রকল্পের আওতায় প্রকল্পের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ ও নিরাপদ উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সাসের Agro Tourism and Agri Learning Center-এ আয়োজিত এ প্রশিক্ষণে কৃষকদের আধুনিক, নিরাপদ ও উচ্চফলনশীল ধান চাষ পদ্ধতি, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম সাওন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ, নিরাপদ কৃষি চর্চা এবং উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এএমডিই প্রকল্পের কৃষি কর্মকর্তা জয় মজুমদার এবং সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও ট্যুরিজম অফিসার আলামিন ইসলাম। তাঁরা কৃষকদের বাস্তবভিত্তিক কৃষি জ্ঞান, ধান চাষের আধুনিক পদ্ধতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এএমডিই প্রকল্পের ফোকাল পার্সন ইমন পারভেজ প্রিন্স। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং নিরাপদ ও টেকসই কৃষি চর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন, যা তাঁদের কৃষি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।