
সোমবার (১৯ অক্টোবর) তিনি তালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূজার সময় দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রমও শুরু হবে। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কাজ করছে জেলা পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।