সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তর (মলদ্বার) থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তার শরীরের অভ্যন্তরে দুটি প্যাকেটে লুকানো স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত হয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।