
সাতক্ষীরার তালায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বপ্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে তালা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৩ হাজার টাকা এবং যাদব ঘোষ ডেইরিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রওনুক জাহান, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস. এম. হাসান আলী বাচ্চু, তালা উপজেলা প্রেসক্লাবের মীর মিল্টন, জমির উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মীর মিল্টন, বার্তা সম্পাদক 








