
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকায় পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল খনন ও পাইপ স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলার শিরাশুনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে উত্তরণের পরিচালক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাল খনন ও পাইপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম দাদু, উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খাল পুনঃখনন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।
খাল খনন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করছে উন্নয়ন সংস্থা উত্তরণ। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মীর আব্দুল মিল্টন, বার্তা সম্পাদক 














