
সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করতে গিয়ে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)।স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খুলতে প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। এ সময় পাশে থাকা স্কুলছাত্র আরাফাত সরদার তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করলে সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। একপর্যায়ে দুজনেরই মৃত্যু হয়।পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ও জামাল হোসেন। তাঁরাও ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।সংশ্লিষ্টদের মতে, সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস মানুষের জীবননাশের কারণ হতে পারে। তাই পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত না করে এবং প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী ব্যবহার ছাড়া কোনো অবস্থাতেই ট্যাংকের ভেতরে প্রবেশ করা উচিত নয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণশ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করা জরুরি।
ডেক্স রিপোর্ট 












