
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ গাজীপুর, মাদরা, বৈকারী, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বৈকারী বিওপির দল সীমান্ত পিলার ৭/৫১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া এলাকা থেকে ৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৫ আরবি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালি এলাকা থেকে ২৭ হাজার ২৮০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট আটক করে।
মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১০ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
এ ছাড়া সুলতানপুর বিওপির দল সীমান্ত পিলার ১৫/৬-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালশারি এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭-এস-এর ১৫ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া এলাকা থেকে ২ লাখ ১২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মাধবকাঠি এলাকায় অভিযান চালিয়ে মোঃ রনি বাবু (২৮), পিতা-মৃত হাফিজুর রহমান, গ্রাম ও ডাকঘর-কুশখালি, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে ১ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা মূল্যের গাঁজাসহ একটি মোটরসাইকেলসহ আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে সর্বমোট ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানানো হয়।
বিজিবি আরও জানায়, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জহর হাসান সাগর 









