
খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে নেতাকর্মীদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় বাসের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার চারাবটতলায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আপ্তাব মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাসটি চারাবটতলা এলাকায় পৌঁছালে পথচারীকে চাপা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।
শামীম খান 








