
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রবিন শেখ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে তালা থানা পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো ঘটনার দিন ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। সকাল ৬টার দিকে মহন্দী বাজার এলাকায় পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে একটি দোকানের কাছে ডাকেন।
ওই ছাত্রী বলেন দোকানের সামনে গেলে রবিন শেখ তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যেয়ে দোকানের সাটার টেনে বন্ধ করে।সাথে সাথে এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে ওই ছাত্রী রক্ষা পায়।
পরে খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেক্স রিপোর্ট 















