
সাতক্ষীরার তালায় সড়কে আকস্মিকভাবে চলে আসা এক স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন দৈনিক মানবাধিকার সংবাদের প্রকাশক ও সম্পাদক, তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং চ্যানেল এস-এর সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান ও দৈনিক মানবাধিকার সংবাদের বার্তা সম্পাদক মীর মিল্টন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তালা উপজেলার হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক শামীম খান মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দৈনিক মানবাধিকার সংবাদের বার্তা সম্পাদক মীর মিল্টন। এ সময় আনুমানিক ৭ বছর বয়সী ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী রাস্তার পাশ দিয়ে সাইকেল চালাতে চালাতে হঠাৎ আড়াআড়িভাবে মূল সড়কে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলে জোরে ব্রেক করেন শামীম খান। এতে শিশুটি অক্ষত থাকলেও মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে যায়।
এ সময় মুখ রক্ষা করতে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন শামীম খান। তবে তাঁর থুতনি কেটে যায়। পরে হাসপাতালে তাঁর থুতনিতে সাতটি সেলাই দেওয়া হয়। দুর্ঘটনায় অল্প ক্ষতি হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তাঁরা।
দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে ফোনে খোঁজখবর নেন। এ ছাড়া তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাইদুর রহমান সাইদ হাসপাতালে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ ঘটনায় শামীম খান তাঁর খোঁজখবর নেওয়া ও পাশে থাকার জন্য সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ব্যস্ত সড়কে শিশুদের একা সাইকেল চালানোর বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ডেক্স রিপোর্ট 












