
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মিলন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
গ্রেফতার মিলন সরদার আটারই গ্রামের মৃত রেজাউল সরদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এলাকায় মাদক বিক্রির সময় তাকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মিলন সরদার এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে এ সময় ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, একজন কথিত মাদক সরবরাহকারীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছে তা সরবরাহ ও বিক্রি করতেন। এতে এলাকায় মাদকের বিস্তার বাড়ার পাশাপাশি উঠতি বয়সী যুবকদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের আরও অভিযোগ, মিলনকে মাদক সরবরাহ ও বিক্রির জন্য সহযোগিতা করা কথিত ওই ব্যক্তিই মাদক ব্যবসার মূলহোতা হতে পারেন। তাই শুধু বহনকারী বা খুচরা বিক্রেতাকে নয়, তদন্তের মাধ্যমে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও মূলহোতাকেও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক মিলন সরদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জহর হাসান সাগর 












