
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে চুরি, চোরাকারবারি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আল-হাসিবি চৌধুরী শুভকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ ওঠেছে সাতক্ষীরায় ছাত্রলীগের গুপ্ত মিছিলে অংশগ্রহণ থেকে বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল।
এর আগে শুভ এবং তার আশ্রয়দাতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অর্থদাতা, স্থানীয় কৃষকলীগ সভাপতি শেখ শাহাবাজ আলীকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
#মানববন্ধনের মাধ্যমে গ্রেপ্তারের জোরালো দাবি:
গত ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় ‘কুমিরা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের সিনিয়র সভাপতি আব্দুস সালাম, কুমিরা ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি বাবলুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব জামায়াত সভাপতি নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও সহ-সভাপতি আলামিন হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু ও সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন।
এছাড়াও ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আলিম হোসেন, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ছাত্র-জনতা এতে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, শেখ শাহাবাজ ও শুভ দীর্ঘদিন ধরে এলাকায় অপকর্মের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল।
নাশকতা, চুরি ও অপকর্মের মূল মাস্টারমাইন্ড: অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আল-হাসিবি চৌধুরী শুভ নিজেকে আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল হাসিবি চৌধুরী শুভ’ ও ‘আরিয়ান চৌধুরী শুভ’সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করত। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে শুভ ও তার সিন্ডিকেট সাতক্ষীরার কুমিরা, ঝাউডাঙ্গা ও ত্রিশমাইল এলাকায় একের পর এক বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে গ্রামীণ সেচব্যবস্থা অচল করে দিয়েছিল।
অবশেষে পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে কুখ্যাত এই অপরাধী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এই চক্রের সাথে জড়িত অন্য অভিযুক্ত শেখ শাহাবাজ আলীসহ বাকিদেরও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডেক্স রিপোর্ট 












