
সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সরদার দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে হৃদয় মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে বলে জানা গেছে। ওই চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ ছিল।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ডেক্স রিপোর্ট 









