
মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এ-প্লাস (জিপিএ-৫) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার (১০ অক্টোবর) তালা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন।
তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিহাব উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইউসুফ ইছলাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন, সাবেক জেলা ছাত্রশিবির নেতা ও বর্তমানে সাতক্ষীরা জেলা জামায়াতের শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল জিএম নাহিদ হাসান এবং সদ্য সাবেক তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্না।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ও সাবেক থানা ছাত্রশিবিরের সভাপতি আহমাদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ ইছলাহী বলেন, পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়; এটি জীবনের একটি ধাপ মাত্র। এখন থেকেই প্রকৃত জীবন গড়ার প্রস্তুতি শুরু করতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জীবনের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে হবে। চেষ্টা অব্যাহত রাখলে একদিন আল্লাহ সফলতা দান করবেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল ও বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।
কামরুজ্জামান মিঠু 














