
সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করেছে স্থানীয় মাদক কারবারিরা। পরবর্তীতে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছেন।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁ’র ছেলে রাশেদ খাঁ।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সরাসরি সহায়তা করে আসছিলেন। তাঁর সহায়তায় ইতিপূর্বে একাধিক মাদক কারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার নামে কয়েকজন মাদক কারবারি সোহেল শেখের ওপর হামলা চালায়। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। পরে আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী গ্রাম পুলিশ তালা থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ ও জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হাজরাকাটি গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা কৃত্রিম ‘মব’ সৃষ্টি করে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় এবং অভিযানকারী পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে।
ঘটনার খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বিপুলসংখ্যক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করেন এবং মব সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেক্স রিপোর্ট 








