
সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা ডাকবাংলোর সামনে খুলনা–পাইকগাছা সড়কে তালা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ-এর সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক , সাংবাদিক জুলফিকার রায়হান, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইদুল হক লিটু, মারুফ হোসেন, এস. এম. ইউ. ইয়াসিন উল্লাহ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান (রেন্টু), তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা
সুরুলিয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাইস সুলতানা মিলি, সুমনা দে, নাহিদ হাসান , আব্দুল্লাহ আল মামুন, ইসলামকাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত কয়েক মাসে আঠারোমাইল–পাইকগাছা সড়কে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় রানা সরদার, নাসিম ফকির, হাফিজুল ফকির, স্কুলছাত্র কুশল সরকার ও রুমী আক্তার-সহ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তালা–পাইকগাছা সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক হলেও মেলা বাজার মোড়, তালা মুক্তিযোদ্ধা কলেজ মোড়, শাহাপুর বাজার মোড় এবং তালা থানা মোড় দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এসব স্থানে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলের কারণে চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—
দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে অনুমোদিত নকশা অনুযায়ী স্পিড ব্রেকার, রাম্বল স্ট্রিপ ও অন্যান্য গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন।
সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করে মোড়গুলোর প্রশস্ততা ও দৃশ্যমানতা নিশ্চিত করা।
উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত পরিদর্শন করে স্থায়ী সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন।
তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। তাই জনস্বার্থে এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা মডেল প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন, আমরা বন্ধু ইয়াং ফাইটার্স, গ্রীন ম্যান, অগ্রগামী ফাইটার্স, আলোর দিশারী, জাগরণ বার্তা-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জহর হাসান সাগর 















