
সাতক্ষীরার তালা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত তালা-সাতক্ষীরা রুটে নতুন করে সরাসরি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তালাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার সাধু ও সমাজকল্যাণ সম্পাদক মিলন ঘোষ।
তালাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, সাবেক সেনা কর্মকর্তা মোঃ সমজেদ, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, অমলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ তালা থেকে ১৮ মাইল হয়ে সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর বিষয়ে তালাবাসীর মতামত গ্রহণ করেন। পাশাপাশি রুট, যাত্রীসেবা ও বাস চলাচল নিয়ে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে তালাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরার সঙ্গে সরাসরি ও সহজ যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসা হচ্ছে। নতুন এই বাস সার্ভিস চালু হলে সেই দাবি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, তালা-সাতক্ষীরা নতুন করে সরাসরি বাস সার্ভিস চালু হলে তালা, কপিলমুনি, পাইকগাছা, কয়রা, বাঁকা, কাটিপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন। বিশেষ করে সাতক্ষীরায় চিকিৎসাসেবা নিতে যাতায়াতকারী রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
এছাড়া সরাসরি বাস যোগাযোগ চালু হলে এসব এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার এই বাস সার্ভিস দ্রুত চালু হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
মীর মিল্টন, বার্তা সম্পাদক 
















