
সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে এক শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির নানি। সোমবার শ্যামনগর থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই শিক্ষার্থী শিশুটিকে ধর্ষণ করে। এ ছাড়া এক শিক্ষকও শিশুটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ৫ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে যশোরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে নানির জিজ্ঞাসাবাদে শিশুটি নির্যাতনের কথা প্রকাশ করে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ডেক্স রিপোর্ট 









